অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

 


অপেক্ষার শেষ প্রহর

- অর্ক আশফাক 


তুমি কি জানো, কতটা নির্জন লাগে,

যখন দিন ফুরোয়—তবু তুমি আসো না পাশে?

তোমার ছোঁয়ার আকুলতা ঘুমকে ছুঁতে চায়,

তোমার স্পর্শ না পাই, তবু তুমি আছো প্রতিটি নিঃশ্বাসে!


জ্বর কি আসে না তোমার, নিঃশব্দ আলিঙ্গনে?

তোমার চোখ কি ভিজে উঠে না, বৃষ্টির একাকিত্বে?

রাত্রির নির্জনতায় ভাঙে না কি, ঘুম হঠাৎ?

মন বলে “তার পাশে থাকি", সব আবার হয়ে যায় চুপচাপ।


আমি তো হৃদয়ের অলিতে গলিতে গোপন প্রেম বুনেছি,

তোমার চুলে, ঘ্রাণে, দেহছায়ায় অজস্র কবিতা লিখেছি।

কিন্তু তুমি ডাকো না... অভিমানের দেওয়াল চওড়া,

ভালোবাসার ভাষা বুঝেও, থাকো নীরবতার চাদরে মোড়া।


ভালোবাসা কি এভাবেই দূরত্বে নিজেকে হারায়?

প্রেম কি শুধুই রয়ে যায় লেখায় কিংবা মুখে বলায়?

নাকি তা শরীরের কামনাও জ্বালায়?

আমি তো প্রতিদিনই রয়েছি তোমার অপেক্ষায়...


দুঃসহ যাতনায় ছিঁড়তে থাকি দুঃসময়ের পাতা,

আশায় রই তুমি পাশে এসে নিঃশব্দে ছোঁবে;

পুরোনো ভালোবাসা যদি আবারও জাগে,

ভগ্ন মনে - নতুনত্বে নগ্নতায় প্রতি রাতে!

বুকে জড়িয়ে ধরে, কানে মুখে বলতে চাই— 

অসম্ভব নয়, মিলন সন্নিকটে মোদের!


মনে হয় বৃষ্টি আসবে আর একটু পরেই 

মেঘ এখনই করবে সুনিবিড় স্পর্শ;

সবই হবে, অগোচরে, আবছা আলোছায়ায়,

মেঘের সাথে মেঘের আন্তরিক ঘর্ষণ!

মেঘ - সে তো হয়ে যাবে পুরোটাই,

উজ্জ্বল, অসীম, অক্ষয় - রোদের!

জীবনে নয়? তবে আমৃত্যুই মিলন হোক মোদের !

দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই— 

আর দেরি নাই, এক হতে তোদের...


আমি কবি, তবে প্রেমিক হতে একটুখানি ছোঁয়া চাই,

তোমার ঠোঁটে ঠোঁট ঠেকলে, গদ্য ছন্দ মিলিয়ে যাই।

অভিমানে জমা প্রেমকে উষ্ণতায় গলিয়ে দিতে চাই,

ভালবেসে প্রেমসিক্ত চোখে, চোখ রেখে বলতে চাই— 

আর বেশি দূরে নয়, মহামিলন হতে মোদের।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক