ছায়াপথের প্রান্তে - অর্ক আশফাক

 



ছায়াপথের প্রান্তে

- অর্ক আশফাক


কথা ছিল হেঁটে যাব ছায়াপথ,

তোমার হাত ধরে, নীরবতার সুরে।

তখন ছিল স্বপ্ন—কাঁচের মতো স্বচ্ছ,

ভবিষ্যতের প্রতিটি দিন, আঁকা ছিল জোছনার রঙে।


বছর পাঁচেকের প্রেমে ছিল বাঁশির সুর,

চোখে চোখে গড়ে উঠেছিল এক নিঃশব্দ ভুবন।

হাসির মাঝে ভেসে উঠত ঘোর—

তুমি, আমি, আর এক অনন্ত বিশ্বাস।


তারপর বছর আটেকের সংসার—

সেই প্রেমের বাড়ি, যেখানে শেকড় গাঁথে অভ্যাস।

আলনা ভরা শাড়ি, তোমার মুচকি হাসি,

বিকেলে ভাগ করা এক কাপ চা, এক চিলতে আলো।

রাতে তোমার আমার নিঃশ্বাসে মিলতো শরীর,

নিস্তব্ধ সেই লয়ে জেগে থাকত, ভালোবাসার পথচির।


তবু ছায়াপথ কি চিরকাল সঙ্গী থাকে?

রাত্রির তারারা জানে, কিছু পথ প্রান্তেই ফুরায়!

কথার ভেতর জন্মায় দূরত্ব,

অভিমানে জমে ওঠে মৌনতার পাহাড়!


চোখের পাতায় জমে ওঠে অব্যক্ত ক্লান্তি,

স্পর্শের মাঝেও খুঁজে পাই শুধু অনাহুত ভ্রান্তি।

ভালোবাসা রয়ে যায় দৈনন্দিনের ফাঁকে,

দুজনে হারিয়ে যাই, একই ছাদের নীচে, আলগা ছায়ায়।


তুমি আমার ছিলে, আছো—একটা অতীত রূপে,

যে স্মৃতি হয়ে বয়ে চলে প্রতিটি নিঃশ্বাসে।

ভাঙা আয়নায় আজও দেখি দুটি মুখ—

একটা আমার, আরেকটা হারানো স্বপ্নের।


এই ছিল আমাদের গল্প—

তেরো বছরের পথচলা, 

একসাথে বোনা সুখ-দুঃখের গাঁথা।

ভালোবাসার চাইতে 

হয়তো বেশি ছিল হারিয়ে ফেলার ভয়,

শেষমেশ রইল শুধু স্মৃতি, 

আর রইল ভগ্ন, আলাদা দু'টি লয়।


আর এক মুহূর্তের সিদ্ধান্তে 

দুটো গভীর, গাঢ়, রক্তিম বিভাজিত পথ—

ছায়াপথের শেষ প্রান্তে দাঁড়িয়ে, 

আমি বিদায় বলি,

নাকি বলতে বাধ্য করলে আমায়!

আমি কি কখনও মিথ্যে বলি?


কথা ছিল হেঁটে যাব ছায়াপথ!

তবু কোথা হারিয়ে গেলে তুমি?

খুঁজি তোমায় অলি-গলি, 

শত পথ, রাজপথ, ছায়াপথ

মরিচিকার ন্যায় দেখা দিয়ে 

মিলিয়ে গেলে দু চক্ষুরই সামনে!


বলতে পারো, এটুকুই ছিল আমাদের চিরকাল।

তবু সেই চাওয়া, সেই হেঁটে যাওয়ার প্রতিশ্রুতি—

আজও থেকে যায় আকাশে!


একটি অপূর্ণ নক্ষত্রের মতো।

ঝরে পড়ে না, জ্বলে না সম্পূর্ণ,

তবু রাত হলে তাকিয়েই থাকি—চেনা সেই দিকে।


সে নক্ষত্র জানে না, আমি এখনো দেখি,

ভাঙা আলোর মাঝে খুঁজি পুরনো রেখাচিহ্ন।

তুমি নেই বলে আমিও নেই সেই রূপে আর,

তবু ছায়াপথ জুড়ে বাজে, এক নিঃশব্দ প্রণয় গান!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক