নির্জন দ্বীপে একলা আমি - অর্ক আশফাক

 



নির্জন দ্বীপে একলা আমি
- অর্ক আশফাক

দূর কোনো সাগরছোঁয়া 
নির্জন দ্বীপে একলা আমি, শুধু আমি...
— নিরালায় এক নামহীন পুরুষ।
শান্ত জলরাশি, আকাশের ফেনায় উঠা মেঘ,
সব আমার, অথচ কেউ নেই -
যে আমায় ডাকতে পারে - “তুমি”।

সাগরের গর্জন আমার একমাত্র সঙ্গী,
তবুও একঘেয়ে নয়
—ওতে আছে জীবনের শব্দ।
বালির ওপর বসে কল্পনায় আঁকি এক নারী,
যে আসবে—আমার নিঃসঙ্গ হৃদয়ের দিকে।

আমি সন্যাসী নই, 
তবে পালিয়েছি কোলাহল থেকে,
গ্রাম, শহর, সংসার, অলস হাসি,
আর সব ঠগবাজির দল হতে।
থাকিনি হেরে, 
তবুও বিদায় জানাইনি বাঁচতে চাওয়ার ইচ্ছেকে,
জীবনের প্রতি আমার প্রেম এখনও জীবিত,
যদিও শরীরের উত্তাপ জলে ভিজে নিঃশেষ হয় প্রতিরাতে।

প্রতিটি সকালে ঘুম ভাঙে এক নতুন অভিপ্রায়ে,
হয়তো আজ কিছু আসবে —

কোনো নৌকা
জীবনের প্রত্যেক উত্থান পতনে
হোক সড়কে না হয় অলিতে গলিতে

হয়তো আজ আসবে কোনো নারী।
যার চোখে আমি খুঁজে পাবো হারানো আরেক “আমি”,
যে ছিলো কোনো এক ছাদের নিচে, স্বপ্নে গড়া সংসারে;
অথবা সৃষ্টিকর্তার মাটির ছাঁচে গড়নের অপেক্ষায়...

এই দ্বীপে বসে আমি বেঁধেছি স্মৃতির খাঁচা,
মা'র মুখ, বাবার কঠোর হাত, 
বন্ধুর বিদ্রুপ, প্রথম প্রেমিকার হাসি, 
প্রথম স্ত্রীর বিদায় — আর শেষ দেখা।
তবুও এ স্মৃতি সুখের চেয়েও বেশি বেদনাময়,
কারণ স্মৃতি নিঃসঙ্গতাকে গিলে খায় না, বরং বাড়ায়।

আমি জানি মানুষ প্রেম খোঁজে শুধু মনের জন্য নয়,
তাদের রক্তে থাকে স্পর্শের ক্ষুধা, শরীরের আর্তনাদ।
আমার দেহ জানে, 
বুকের ঠিক মাঝে কার যেন হাত দরকার,
কেউ যে বলবে, "তুমি আছো বলেই আমি বাঁচি।"

তাই এই দ্বীপের বুকে আমি আজো ঘর বানাই,
বালুতে কাঠ বসিয়ে সাজাই এক নারীর স্বপ্ন।
তবুও কোনো ভরসা নেই সে আসবে কি না,
তবুও আমার অপেক্ষার নাম — মানুষ হওয়া।

কারণ মানুষ কখনোই একা হতে পারে না সম্পূর্ণ,
সে ঈশ্বর হতে চায়, আবার ভালোবাসার ভিখারিও।
আমি এই দ্বীপে একা নই, 
আমার ভেতরে অনেক আমি —
একজন প্রেমিক, একজন সন্ন্যাসী,
আর একজন যে তাকে চায়,
কেউ একজন,
যে তাকে স্পর্শ করে বলে — "তুমি আমার"।"।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক