আমার অনেক কিছু বলার ছিল - অর্ক আশফাক
আমার অনেক কিছু বলার ছিল...
- অর্ক আশফাক
আমার আজ খুব কথা বলতে মন চেয়েছিল। রাত্রি জেগে জেগে মনের সব কথাগুলো বলতে খুব ইচ্ছে করছিল। যতক্ষণ না এই চোখদুটি ঘুমের ভরে বন্ধ হয়ে না আসে, ততক্ষন চালিয়ে যেতে চেয়েছিলাম তোমার আমার কথোপকথন!
স্বভাবতই রাত জাগা আজকাল তেমন আর হয়ে উঠেনা! তবুও তোমার কথাগুলো শুনে মনের আটকে থাকা, কালচে জং ধরা জানালাগুলো হুটহাট করে খুলে গিয়েছিল। তোমার মনপছন্দের রোমান্টিক গল্পগুলো, তোমার জীবনের স্বপ্নগুলো, আর না পাওয়া ইচ্ছেগুলো শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম তোমার স্বপ্নের রাজ্যে, যেখানে রাজকুমার পঙ্খীরাজে চড়ে রাজকুমারীকে নিতে আসে। হয়তো শুনতে শুনতে কেটে গিয়েছিল কয়েক মহাকাল সমান সময়, কাটিয়ে ফেলেছিলাম নিজের অতীত এবং অতীতের সকল কষ্টগুলো, আর হারিয়ে ফেলেছিলাম সময়ের তফাৎ, তবুও শ্রুতিমধুর লাগছিলো তোমার স্নিগ্ধ কণ্ঠ হতে উদ্বিত ওষ্ঠাগত শব্দচয়ন গুলো। ভালই কাটছিল আমার একাকী সময়টুকু তোমার কথা শুনে...
তবে যেই তোমার কথা শুনে নিজে কিছু বলতে যাবো, ওমনি চেয়ে দেখি চোখে রাজ্যের ঘুম তোমার, রীতিমত ঝিমোচ্ছ যে তুমি!! কাল আবার চিরাচরিত কাজের চিন্তা, জীবনের নিয়মিত রুটিনের শুরু কি না!! তো, এত ঝামেলা নিয়ে কি আর কথার গুটি এগোনো যায়? তাই দাবার বোর্ড উল্টে খেলা থামিয়ে দিলাম। সকল অব্যক্ত কথা বলতে চাইলেও তোমার ঘুম নষ্ট করতে চাইলাম না।
কালকে মনে থাকবে কিনা জানিনা, তবে হয়তো পরে কোনোদিন মৃত্যুর আগে আশা রাখি যে কথাগুলো বলবার সুযোগ হবে। নইলে না হোক, তবুও তোমার ঘুমের চাইতে আমার কয়েকটা কথা তো বড় হতে পারেনা!
হ্যা, আমার অনেক কিছু বলার ছিল, তবে থাক নাহয় সেগুলো!!! আমি না বুঝলে কে বুঝবে আর তোমার সবকিছু??
আপাতত তোমার ঘুমন্ত রূপের সাগরে কিছুক্ষণ ভেসে বেড়াই।
তোমার বন্ধ করা মায়াময় দুটো কাজল চোখের স্বপ্ন দেখি আমার এই জেগে থাকা এই চোখদুটিতে। তোমার ঘুমন্ত শরীরে হৃদস্পন্দনের সাথে ওষ্ঠ/অধরা, গলা, ও বুকের উঠা নামা দেখতে দেখতে নাহয় আজ হারিয়ে যাবো অতল গভীর ঘুমের রাজ্যে!! শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমার প্রতি...
হবে কি আমার সাথী যদি সেই ঘুম আর না ভাঙ্গে??
#আমারঅনেককিছুবলারছিল #অর্কআশফাক

Comments
Post a Comment