ভালোবাসার চূড়ান্ত প্রতারণা - অর্ক আশফাক

 



ভালোবাসার চূড়ান্ত প্রতারণা

- অর্ক আশফাক


যখন তুমি অদ্ভুত হাসি হেসে সরে যেতে,

হাতের 'পরে হাত রেখেই ছেড়ে দিতে;

আঙ্গুলগুলো আলতো ছোঁয়ায় মুড়িয়ে দিতে,

তোমার ভালোবাসায় মাতাল হয়ে পড়তাম।


তুমি মনের আদ্যোপান্ত বের করে ফেলতে,

মনের ভেতর বাহির তোলপাড় করে দিতে;

কাছে এসেও ধরা না দেয়ার উত্তাল খেলায় মেতে উঠতে,

আমি তোমার ভালোবাসায় সিক্ত হয়ে যেতাম।


যখন তুমি ওষ্ঠাধর নিয়ে খেলা করতে,

চুম্বনরত অবস্থায় অমানবিকভাবে সরে যেতে;

চোখের নাচুনিতে করে দিতে পাগলপ্রায়,

আর দুষ্টুমি দিয়ে করে দিতে ওষ্ঠাগত...


হঠাৎ কি যেন হয়ে গেলো সেই বেহেশতে,

শয়তানের ফল কি তুমি কামড়ে দিলে?

প্রাণপ্রিয় যেন হয়ে উঠলো নিমিষে ঘোর শত্রু,

প্রেম এমনি উবে গেল, যেন তা ছিল কর্পূর।


তখন তুমি মিথ্যে বলে খেতে ধরা,

মনের বিশ্বাস নিয়ে করতে ছলা কলা;

যখন চূড়ান্ত প্রতারণায় লিপ্ত হতে তুমি,

তবুও কেন জানি তোমায় ভালোবাসতাম।


তবে যেন মনের ভেতর কেউ উঠলো বলে,

হয়েছে এবার, পানি গড়িয়েছে অনেক দূর;

মোমের ন্যায় হৃদয় করে দিয়ে গেলে পাষাণ,

আমি বিহীন জীবনে হলে অভ্যস্ত নিয়ে নতুন।


সত্যি অবাক করে দিল সৃষ্টিকর্তার কড়া বিচার,

পেলে না যা, যেটার তাড়নায় সঙ্গ ছেড়েছিলে;

একাই রইলে ওই মিথ্যে লোভের নতুন জীবনে,

দুনিয়ার মোহে, অর্থের তাড়নায় একাকী অন্ধকারে।


শুধু দুঃখ দিয়ে গেলে আমায় বহুগুণে,

ভাঙলে হৃদয়, করে প্রতারণা, ফেলে গেলে একা;

ফেলে গেলে বেহেশতী জেবর, করে সব ফাঁকা,

আর তোমার সেই পুরোনো প্রেমিক, 

সাথে মনের অব্যক্ত, ব্যর্থ ভালোবাসা...


এত অদ্ভুত কেন নতুন এই জীবন?

ভালোবাসতে চায়না যে আর এই মন;

বিশ্বাস? সেতো হারিয়ে গেছে ঐ দূরের তারায়,

যেখানে রটে গেছে তোমার প্রতারণার খবর!


আমার আমি করে এনেছিলাম তোমায়,

সঙ্গী করে আমাদের নতুন ছোট্ট দুনিয়ায়;

সব ভেঙে দিলে, ছড়ালে রোগ, ব্যাধী আর হতাশা,

যার নেই কোনো ঔষধ, 

দরকার ছিল শুধুই তোমার ভালোবাসা!

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque