ঠিক সেদিনের পর থেকে...

ঠিক সেদিনের পর থেকে আমি আর তোমার মুখচ্ছবি কল্পনা করিনি; কল্পনা করিনি বললে ভুল হবে, কারন করেছি কল্পনা প্রতিক্ষণে, প্রতিমুহূর্তে, তবে করতে চাইনি। ঠিক সেদিনের পর থেকে আমার আর তোমার সাথে সামনাসামনি দেখা হয়নি। তবে দেখা হয়নি বললে ভুল হবে, কারন আমি তোমাকে দেখেছি; রাস্তায় কিংবা মেলায়, রিকশায় অথবা কারও সাথে রেস্টুরেন্টে খেতে বা গল্প করতে, হাসতে আর কথা বলতে... শুধু আমাকেই আমি দেখিনি তোমার পাশে, যেমনটি আমরা থাকতাম সবসময়, থাকব বলে কথা দিয়েছিলাম, আজীবন ! ঠিক সেদিনের পর থেকে তোমাকে আমি দেখেছি দূর থেকে, কখনও বা দেখেছি অতি কাছে, কখনও দেখেছি তোমার বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে চেয়ে থাকতে, একলা, নিশ্চুপ, তোমায় দেখেছি দাঁড়িয়ে থাকতে, আনমনে !! ঠিক সেদিনের পর থেকে আমি রাস্তায় চলতে গিয়ে অন্য মানুষের চেহারার মধ্যে, চোখ নাক মুখের সাথে মিলিয়ে , আমি তোমাকে দেখেছি। তবে আমি তোমাকে দেখতে চাইনি। ঠিক সেদিনের পর থেকে তোমার নম্বর থেকে আর কল আসেনি, আমি যে কল দেইনি তা কিন্তু নয়, মাসের পর মাস আমি দিয়ে গেছি মেসেজ,কল, তোমার উত্তর পাইনি। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটস্‌ আপ, ভাইবার... কিসে চেষ্টা করিনি আমি, তবু তোমার টিকিটার ছোঁয়াটাও পাইনি আমি এ ক ’মাসে! ঠিক সেদিনের পর থেকে তোমার নম্বরটা আজও ফোন থেকে মুছে ফেলতে পারিনি। ফোন থেকে যদি মুছেও ফেলতাম, কিন্তু মন থেকে কোনদিনই মুছা সম্ভব হতো না। তাইতো মাঝে মাঝেই নম্বরটা ডায়ালে উঠিয়েও কল করা হয়ে উঠেনি। কারন জানি ঐপাশে আর কেও বসে নেই, আমার কলের অপেক্ষায়... ঠিক সেদিনের পর থেকে আমি আর কখনো তোমাকে প্রার্থনায় চাইনি। প্রার্থনা করেছি, তোমাকে নিয়েই করেছি, তবে এবার চেয়েছি তোমায় ভুলে যেতে। আগে ঠিক এতবার তোমাকে চেয়ে ফেলেছি যে, আজ তোমাকে ভুলে যেতে চেয়েও ভুলে যাওয়া যাচ্ছে না। ঠিক সেদিনের পর থেকে কতগুলো সন্ধ্যা কেটে গেছে। দুই-তৃতীয়াংশ বছর গিয়েছে ফুরিয়ে, অদ্ভুত ব্যাপার এইযে, এখন হয়ত তোমার আমার কথা মনে পড়ে না, কিন্তু কেন জানি আমি তোমায় এখনও ভুলতে পারিনি, আজও ভোলা হল না ! ঠিক সেদিনের পর থেকে আমাদের আর যোগাযোগ হয়নি। সময়ের সাথে সাথে দূরত্বটা কয়েকশো গুন বেড়েছে। সেদিন বলা হয়েছিলো , "সম্পর্কটা শেষ"। হয়েও ছিলো শেষ; শেষ হয়ে কেমন যেনো, থেকে গেছে রেশ। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ওই ছোট্ট তারাগুলোর কথা ভাবি।ভাবি ওরা তো কত্ত দূরে, তবু ওদের দেখতে পাই। তুমি কি তবে ওদের থেকেও দূরে, তোমাকে যে কখনো দেখা হয়না ? তোমার দেখা যে আমি আর পাইনা ? এত দূরত্ব আজ আমাদের ভিতর ?? কই....এমন তো কথা ছিলো না !! 💔👣

- অর্ক আশফাক

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque