ভেসে চলে প্রেমের নৌকা - অর্ক আশফাক
ভেসে চলে প্রেমের নৌকা
- অর্ক আশফাক
ভাসতে জানি না তবু নেমে পড়ি জলে,
নিজেরই ভারে ডুবে যাই চুপচাপে।
তারার রাত ডাকে, আসুক সে পাশে—
একটু শান্তি চাই, চোখে ঘুম নেমে আসে।
হঠাৎ এক চোখে ধরা সেই চেনা চাওয়া,
অচেনা মুখে কেন এত আলো?
অন্তরের রাস্তায় পা ফেলেছি ধীরে,
ভয়কে পেছনে ফেলে দিয়েছি ভালো।
শব্দহীন কথায় জমে উঠল গল্প,
চোখে চোখে গড়ে উঠল সেতু।
তোমার এক হাসিতে চুপসে গেল দিন,
তোমার স্পর্শে মিলল নতুন আর্তু।
হৃদয়ের বাঁকে বাঁকে জেগে উঠল গান,
রাত্রির নরম হাত ছুঁয়ে গেল তৃষা।
তুমি আমি এক ছন্দে—ভয়হীন, ধৈর্যশীল,
প্রতিটি স্পন্দনে বাড়ল ভালোবাসা।
চাঁদের আলোয় প্রথম স্পর্শের কাঁপন,
ভাঙল সব দূরত্ব, সময় যেন থেমে।
নির্ভার হয়ে মিললাম শরীর ও প্রাণে,
ভালোবাসা পেল তখন পূর্ণতার খোঁজে।
তোমার হাতে হাত রেখে বলেছি চুপে,
চলো এবার পথ গড়ি একই পথে।
আনন্দ, দায়িত্ব, প্রতিজ্ঞার মালা,
বাঁধা পড়লাম দুই হৃদয় এক সুরেতে।
আজো প্রতিদিন জাগি তোমার পাশে,
হাসি, কফির কাপে ভাগ করি সকাল।
প্রেম থেমে নেই—সে বাড়ে প্রতিক্ষণে,
চিরন্তন বাঁধনে গাঁথা প্রেমিকের গল্পকাল।

Comments
Post a Comment